ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এতে কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন। ওই অঞ্চলের দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল ৮টা ৩৯ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, হেলিকপ্টারটিতে সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সময়ের আলো/কেএইচও