চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজ শিক্ষকের ভাড়া বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোরচক্র।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মতলব পৌরসভার কলাদি এলাকার পশু হাসপাতাল মোড় সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস জানান, সকালে বাসায় তালা দিয়ে তিনি কলেজে যান। তার স্ত্রী ঢাকায় পারিবারিক কাজে এবং বড় মেয়ে অর্পিতা দাস কলেজে পরীক্ষায় অংশ নিতে বাসার বাইরে ছিলেন। এই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তিনি আরও জানান, চোরেরা ওয়ারড্রবের ড্রয়ার ও স্টিলের আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। আমার জীবনের সব উপার্জন শেষ হয়ে গেল বলতে গিয়ে ভেঙে পড়েন তিনি।
শিক্ষকের মেয়ে অর্পিতা দাস বলেন, পরীক্ষা শেষে বাসায় ফিরে দেখেন সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে। বাবার টাকা, মায়ের স্বর্ণ সব নিয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন আমাদের কিছুই নেই।
জানা গেছে, সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে মতলব পৌর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। তার দুই মেয়ে, বড় মেয়ে অর্পিতা চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে এবং ছোট মেয়ে পুষ্পিতা ঢাকায় পড়াশোনা করছে।
চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।