দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক জটিলতা কাটিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। পারস্য উপসাগরে টানা অপেক্ষার পর শুক্রবার রাতে নতুন করে যাত্রা শুরু করে জাহাজটি, যা দেশের সামুদ্রিক বাণিজ্যের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্র জানায়, ইরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলে সবুজ সংকেত পাওয়ার পরপরই জাহাজটি নোঙর তোলে। বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে এটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং নির্ধারিত গতিতে অগ্রসর হতে থাকে।
জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের নিরাপত্তা নিয়ে এতদিন যে উদ্বেগ ছিল, সেটিও এখন অনেকটাই কমেছে। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, কোনো বাধা না থাকায় তারা স্বাভাবিকভাবেই নির্ধারিত রুটে চলছেন।
আরও পড়ুন
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল জাহাজটি। মার্চে দেশে ফেরার উদ্যোগ নেওয়া হলেও তখন অনুমতি না পাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে পণ্য পরিবহন অব্যাহত রাখতে সৌদি আরবের একটি বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছে দেওয়ার কথা।
তবে একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না মেলায় জাহাজটি দীর্ঘদিন উপসাগরের কাছাকাছি অবস্থান করে। সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর পরিস্থিতি বদলে যায় এবং আবারও যাত্রা শুরু সম্ভব হয়।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, প্রণালি পার হওয়ার পর সরাসরি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে যাত্রা অব্যাহত থাকবে।
এএডি/