গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পেট্রোল মজুদের অভিযোগে স্থানীয় একটি সরকারি স্কুলের দফতরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুমন সরদার (৩৭)।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ রাখতেন। পরে এসব তেল বেশি দামে বিক্রি করতেন। গতকাল শুক্রবার সকাল থেকেই তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন।
সন্ধ্যায় ফের পেট্রোল নিতে গিয়ে ফিলিং স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুমনকে গ্রেফতার করে।
ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ফিলিং স্টেশনে প্রভাব বিস্তার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে সুমনকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফআর