ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুইজন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসমত ওরফে হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)।
জানা যায়, ধলাটেঙ্গর এলাকায় মহাসড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন ১৯ শ্রমিক। হঠাৎ যমুনা থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের ৫-৬ নং ব্রিজের মাঝামাঝি (চর ভাবলা) পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকের ওপরে উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
এফআর