ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একই স্থানে কর্মসূচি ঘোষণা নিয়ে বিএনপির দুই পক্ষের চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এ আদেশ জারি করেন।
তিনি বলেন, স্থানীয় বিএনপির দুইটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা আজ (রোববার) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে, এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহের অনুসারীদের সঙ্গে বিএনপির দলীয় পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের নানা ইস্যুতে বিরোধ চলছিল। এর জেরে কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় যুবদলের রিয়াদ নামের এক এমপির পক্ষ নিয়ে তর্কে জড়ায়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে আহত হয় রিয়াদ।
যুবদল নেতা রিয়াদ ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী হিসেবে পরিচিত।
ওই ঘটনার প্রতিবাদে আজ (রোববার) তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে শাকিলের অনুসারীরা। এমন খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিবদমান দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমাননা করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। এসব কারণে অল্প ভোটের ব্যবধানে আসনটি হারায় বিএনপি। এ কারণে নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
এফআর