ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আকস্মিক দাবিতে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তবে চুক্তিতে না এলে ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো চরম হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আজই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সাথে একটি সমঝোতা হতে পারে। যদিও সাক্ষাৎকারটি ঠিক কখন নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, তবে ট্রাম্পের আত্মবিশ্বাসী সুর নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। এর আগে গত রোববার তিনি ঘোষণা করেছিলেন, মার্কিন প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। তারা আলোচনার পরবর্তী রাউন্ডের জন্য ইতোমধ্যেই ইসলামাবাদ রওনা হয়েছেন।
চুক্তি নিয়ে আলোচনার মাঝেই স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে ট্রাম্পকে। তিনি হুমকি দিয়ে বলেন, যদি কোনো চুক্তি স্বাক্ষরিত না হয়, তবে আমি ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু উড়িয়ে দেব।
ট্রাম্প চুক্তির কথা বললেও তেহরান এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। এমনকি ইসলামাবাদে নতুন করে প্রতিনিধি পাঠানোর বিষয়েও তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে নিউইয়র্ক পোস্টকে পাকিস্তানি সূত্র জানিয়েছে, ইরান দ্বিতীয় দফা আলোচনার জন্য আগ্রহী হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি।
উল্লেখ্য, গত ১১-১২ এপ্রিল ইসলামাবাদে ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সেই ঐতিহাসিক আলোচনা কোনো বড় ধরনের ব্রেকথ্রু ছাড়াই শেষ হয়েছিল।
/কহু