যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তান এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তেহরানের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ এবং হুমকি-ধমকি থেকে বিরত থাকতে ট্রাম্প প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ইসলামাবাদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে একজন পাকিস্তানি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি, জনসম্মুখে তেহরানের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করা থেকে যেন তিনি বিরত থাকেন।
বর্তমানে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফায় আলোচনার একটি পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতাকে সফল করতে দুই পক্ষের মধ্যেই নমনীয় মনোভাব বজায় রাখা জরুরি বলে মনে করছে পাকিস্তান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুসংহত করতে মরিয়া পাকিস্তান। বিশেষ করে অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে থাকা দেশটি বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের সাফল্য দেখাতে চাইছে।
/কহু