হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং ইরানি হামলা থেকে এই জলপথকে মুক্ত করা এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক কমান্ডার টম শার্প বর্তমান মার্কিন কৌশলকে ‘অবরোধের ভেতর অবরোধ’ বলে বর্ণনা করেছেন। তার মতে, হোয়াইট হাউস ইরানকে এতটাই ‘ব্যথা’ বা চাপে ফেলতে চায় যাতে তারা শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হয়।
টম শার্পের মতে, আমেরিকার মূল পরিকল্পনা হলো ইরানের তেল উৎপাদন এমন পর্যায়ে কমিয়ে আনা, যা দেশটির সরকারকে সমঝোতার টেবিলে আসতে বাধ্য করবে। তবে সেই চাপের মাত্রা আসলে কতখানি হবে এবং ইরান তা সহ্য করতে পারবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। কারণ, তেহরান অতীতে দেখিয়েছে যে নিজেদের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি সইতেও প্রস্তুত।
ইরানের কাছে তাদের ইসলামী আদর্শ ও অস্তিত্বের চেয়ে কোনো ব্যক্তি, সরকার বা অর্থনীতি বড় নয়। আমেরিকার সাথে এই সংঘাতের জন্য তারা দশকের পর দশক ধরে প্রস্তুতি নিয়েছে। তাছাড়া, হরমুজ প্রণালীর ওপর নিজেদের ‘সার্বভৌমত্ব’ বা একক কর্তৃত্বের দাবিতেও অনড় ইরানি কর্মকর্তারা।
/কহু