হাঙ্গেরির রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা শুধু দেশীয় নীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইস্যুতে দেশটির অবস্থান বদলাতে যাচ্ছে- যার সরাসরি প্রভাব পড়তে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর।
হাঙ্গেরির সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার সরকার ক্ষমতায় এলে আইসিসির সদস্যপদ বহাল রাখা হবে এবং আদালতের নির্দেশ মেনে চলা হবে। ফলে আইসিসির পরোয়ানাভুক্ত কেউ হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা বাধ্যতামূলক হবে- যা সরাসরি নেতানিয়াহুর ক্ষেত্রেও প্রযোজ্য।
এর আগে দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সরকার আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। তবে ম্যাগিয়ারের নেতৃত্বাধীন ‘তিসজা’ দল ক্ষমতায় এলে সেই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হবে বলে ঘোষণা এসেছে।
আরও পড়ুন
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নভেম্বরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এই পরিস্থিতিতে নেতানিয়াহুর পরিকল্পিত হাঙ্গেরি সফর এখন অনিশ্চয়তায় পড়েছে। কারণ, নতুন সরকার ক্ষমতায় এলে সফরের সময় তাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।
তবে ইউরোপের অন্যান্য দেশগুলো এ বিষয়ে একমত নয়। ফ্রান্স এবং ইতালি ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, রাষ্ট্রপ্রধানদের কূটনৈতিক দায়মুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা ভিন্ন অবস্থান নিতে পারে। একই ধরনের দ্বিধা আগে প্রকাশ করেছে জার্মানিও।
সব মিলিয়ে, হাঙ্গেরির সম্ভাব্য নতুন নেতৃত্ব আন্তর্জাতিক আইনের প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই অবস্থান শুধু দেশটির পররাষ্ট্রনীতিতেই পরিবর্তন আনবে না, বরং ইউরোপীয় রাজনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
এএডি/