দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আরেক দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, এই বৈঠকে আগামী কয়েক দিনের মধ্যে শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর অনুরোধ জানাবে বৈরুত।
প্রতিবেদনে হিজবুল্লাহর একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, চলমান আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই সশস্ত্র গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হতে পারে। কূটনৈতিক বিশ্লেষকরা এটিকে সংঘাত নিরসনে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা'আর গত বুধবার এক বক্তব্যে দাবি করেন, লেবাননের সঙ্গে ইসরায়েলের কোনো গুরুতর দ্বিমত নেই। শান্তি ও স্বাভাবিক সম্পর্কের পথে মূল বাধা হিসেবে তিনি হিজবুল্লাহকে দায়ী করেন।
গত ১০ দিন ধরে যুদ্ধবিরতি চললেও মাঠপর্যায়ে এখনো সংঘাত থামেনি। লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, গত বুধবার ইসরায়েলি হামলায় আমাল খলিল নামে একজন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া দখলকৃত এলাকাগুলোতে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।
লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত মার্চের শুরু থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪৫৪ জন প্রাণ হারিয়েছেন।
/কহু