সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর নির্মিত শেরপুর সেতুর সংস্কারকাজ পরিচালনার লক্ষ্যে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ওই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প এ তথ্য জানিয়েছে। গত ২০ এপ্রিল প্রকল্প পরিচালক এ. কে. এম মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত এক পত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর নির্মিত শেরপুর সেতুটি চালু হয় ১৯৯০ সালে। এ সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতে নির্ধারিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কার্যক্রম বাস্তবায়নের সময় যান চলাচলের নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যানবাহন চলাচল করবে। ওই দিন রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল পুরাপুরি বন্ধ থাকবে। পরবর্তী সময়ে শনিবার সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত যানবাহন এক লেনে চলাচল করবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কুশিয়ারা নদীর শেরপুর সেতুর ওপর যানবাহন চলাচল সাময়িক বন্ধ ও লেনভিত্তিক সীমিত থাকায় নির্ধারিত সময়ে যানজট এড়ানোর জন্য ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ, শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট শায়েস্তাগঞ্জ-মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট। ঢাকা-সিলেট রুটের শেরপুর-(মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট শেরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট রুটের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুরবাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাতায়াত করতে হবে।
সওজ ও সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক স্বাক্ষরিত পত্রটি সড়ক পরিবহন ও মহাসড়কসহ সংশ্লিষ্ট পর্যায়ের ৩০টি দফতরের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, সেতুতে যানচলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করা হবে। বিষয়টি ইতোমধ্যে ব্যাপকভাবে প্রচার বরা হয়েছে। পরিবহন মালিক সমিতি সেতু মেরামতকালীন সময়ে বিকল্প পথে যানচলাচলের জন্য প্রস্তুতি নিয়েছেন।
তিনি আরও বলেন, ১০ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। যদি কোনো কারণে মেরামত কাজ শেষ না হয়, তাহলে বাকি কাজ করা হবে।
সময়ের আলো/কেএইচও