পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অংশ এই সিরিজে স্কোয়াডে এসেছে নতুনত্বের ছোঁয়া- প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন দুই তরুণ তানজিদ হাসান ও অমিত হাসান।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যে নিজের জায়গা পাকা করা তানজিদ হাসান এবার প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ১ হাজার ৭৯২ রান, গড় ৪০- এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে কাক্সিক্ষত সুযোগ। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডারের ধারাবাহিক পারফর্মার অমিত হাসান।
২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৪৯ গড়ে রান করা এই ব্যাটারকে টেস্টের জন্য উপযুক্ত মনে করছেন নির্বাচকরা।
দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, যারা সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের শেষ দিকে। প্রায় এক বছর পর স্কোয়াডে ফিরেছেন অফস্পিনার নাঈম হাসান। দুই তরুণকে নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি, এই দুই ক্রিকেটারের সামনে অনেক সময় আছে।
তারা দীর্ঘদিন বাংলাদেশকে সেবা দিতে পারবে। স্কোয়াডে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া দলে রয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসসহ অভিজ্ঞ ক্রিকেটাররা।
প্রথম টেস্টের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
/কেএইচও