দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ সাই পল্লবী এবার নতুন এক বিতর্কে জড়ালেন। পর্দায় স্বতঃস্ফূর্ত অভিনয় ও স্বাভাবিক সৌন্দর্যের জন্য প্রশংসিত এই অভিনেত্রীকে এবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ভাষাগত কারণে।
পরিচালক নীতেশ তিওয়ারি নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র রামায়ণে ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এই ঘোষণার পর থেকেই দর্শকদের একাংশের মধ্যে আগ্রহের পাশাপাশি প্রশ্নও তৈরি হয়। তবে সাম্প্রতিক একটি ঘটনা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের চলচ্চিত্র এক দিনের প্রচারণায় অংশ নেন সাই পল্লবী। সেখানে ‘এক দিন কি মেহফিল’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি হিন্দিতে কথা বলার চেষ্টা করেন।
আরও পড়ুন
কিন্তু সাবলীলভাবে কথা বলতে না পারায় কিছুটা অস্বস্তিতে পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে হাসিমুখেই স্বীকার করেন- তার হিন্দি খুব ভালো নয়।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন- যিনি সাধারণ হিন্দি বলতেই স্বচ্ছন্দ নন, তিনি কীভাবে ‘সীতা’র মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন?
কেউ কেউ আবার কাস্টিং নিয়েও হতাশা প্রকাশ করেছেন। এমনকি অনেকে ধারণা করছেন, সিনেমায় তার সংলাপ হয়তো ডাবিংয়ের মাধ্যমে করা হতে পারে। তবে সমালোচনার পাশাপাশি সমর্থনও পাচ্ছেন সাই পল্লবী। তার ভক্তদের দাবি, ভাষাগত সীমাবদ্ধতা ভারতীয় চলচ্চিত্রে নতুন কিছু নয়।
তারা উদাহরণ হিসেবে ক্যাটরিনা কাইফ এবং জ্যাকুলিন ফার্নান্দেজের নাম টেনে বলেন, তারাও ক্যারিয়ারের শুরুতে হিন্দিতে দুর্বল ছিলেন, কিন্তু পরে সফলভাবে নিজেকে প্রমাণ করেছেন।
পুরো বিতর্কে এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে- একজন অভিনেতার জন্য ভাষাগত দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ, নাকি অভিনয় প্রতিভা? এই প্রশ্নের উত্তর মিলবে হয়তো রামায়ণ মুক্তির পরই। তবে আপাতত সাই পল্লবীকে ঘিরে নেটদুনিয়ার আলোচনা থামার কোনো লক্ষণ নেই।
এএডি/