মেলানকলিক বিকেলে বৃষ্টি
সমস্ত কোলাহল মাথায় নিয়ে ভাবছি তোমার নাম। তুমি আটকে আছো মিথ্যা নাগরিক ব্যস্ততায়। তুমি ঘুমাতে যাও নিজেকে প্রবোধ দিয়ে। এবার প্রচুর বর্ষার আশাবাদ শোনা যাচ্ছে। তুমি অবশ্য বৃষ্টি ভালোবাসো না। একটা মেলানকলিক বিকেলে বৃষ্টি তোমাকে প্রেমিকার মুখ মনে করায়। একটা দীর্ঘ চুমুর কথা ভাবো। সমস্তটাই মিথ্যা আর ভ্রম বলে মনে হয়। আমি দূর থেকে তোমায় দেখি। জানালার পাশে বসলেই দেখতে পেতে আমায় কিন্তু বসো না। নিজেকে নিজের কাছ থেকে এত আড়াল করছো যেন ভুলে যেতে চাও নিজের নাম। অথচ আমি সমস্ত ক্লেদ মাথায় নিয়ে ভাবছি তোমার নাম। একটা দীর্ঘ ক্লান্তির বিকেলে বৃষ্টি আমাকে আরও বেশি বৃষ্টির কাছে নিয়ে যায়। আর আমি ভুলতে শুরু করি তোমার মুখ।
মুছতে মুছতে
একটা ভূতগ্রস্ত সময় পার করছি। ইচ্ছে করে মাথার ভেতর তোমাকে রেখে তারপর মুছে ফেলি। তোমাকে মুছতে মুছতে নিজেকেও মুছে ফেলি কিছুটা। আমাদের যেটুকু সুন্দর, যেটুকু শোভন, সেটুকুর পাশে বসে একটা অহেতু দুপুর কাটাই অনিচ্ছায়। তোমাকে ঘৃণা করি। ভাবি এত ঘৃণা করবো যেন তোমার হৃদয় উপড়ে নিতে পারবো সহজেই। তুমি তো জানো আমি কেমন প্লাবন আনতে পারি ভালোবেসে! তুমি তো জানো রুদ্ধ দুয়ারের ওপাশে কী করে গুড়িয়ে দিতে পারি সব! কাছে আসো, চুপিচুপি বলি, শোনো, তোমার সবটুকু শুষে নিয়ে কন্ঠায় ধরে রাখি!
একটা ছোট নুড়ি
তুমি মানে একটা একা শঙ্খচিল। ডানা মেলে উড়ে বেড়াও প্রান্তরে। যেহেতু তোমার ছায়ার পরোয়া নেই, আমি একা বসে থাকি বিশাল বটের নিচে। আমি মানে একটা ছোট নুড়ি। তুমি দেখেও দেখো না। মাড়িয়ে চলে যাও। অথচ দিব্যি তোমার ডানায় এঁটে যেতাম। তোমার ডানার ভাঁজে বসে পড়ে যেতাম তোমার মন!
ফুল হয়ে ফুটে থাকো
প্রশমিত প্রাণের 'পরে অবশেষে তুমি ফুল হয়ে ফুটে থাকো। তোমাকে ছুঁয়ে ফেলি না সচেতনে। পাথরে পা কেটে ক্ষীণ রক্তধারা বইয়ে দিয়ে বোঝাই কত প্রেম বাতাসে ছড়িয়ে দিয়েছি। তোমার দ্বার পর্যন্ত পৌঁছে গেলে মুখ ঘুরিয়ে ফেলো না। তোমাকে ছুঁয়ে ফেলি গোপনে। তুমি বুঝেও বুঝে ফেলো না!
অ্যাডেনিয়াম ফুটলে
একটা গোটা দিন বারান্দায় বসে কাটানো গেলো। তোমাকে জানালাম অ্যাডেনিয়ামে কলি এসেছে। তুমি অবাক হয়ে গেলে শুনে। বললে ‘তোমার হাতে গাছপালার দুঃখ মুছে যায়’। হেসে ফেললাম। হাসতে হাসতেই বললাম ‘আমি মানুষের দুঃখও মুছে দিতে পারি’। তুমি মন মেলে দিলে। দেখলাম, সেখানে এত বিষণ্ণ পায়রা উড়ে বেড়াচ্ছে! তাদের যেতে দিচ্ছো না কোথাও। অথচ কেমন ঝুঁকে আছো আমার মনের দিকে! পৃথিবীর ক্লান্তি আমাদের কাছে আসতে দেয় না। অথবা আমরা নিজেরাই ভুলে থাকি নিজেদের পথ। তোমার পথে উঠে পড়ে বুঝতে পারি তুমি নদী ভেঙে ফেলেছো। শেষ রাতে তবু কেঁদে ফেলো না! সপ্তাহান্তে অ্যাডেনিয়াম ফুটলে তোমার ঠিকানায় পৌঁছে যাবে।