ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আকস্মিক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় সংগঠনটির এক নেতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
শনিবার (২ মে) সকাল ৬টার দিকে ১০ থেকে ১২ জন একটি আকস্মিক এ মিছিল বের করে।
আটক দুজন হলেন ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসচালক রুবেল। নাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ১০ থেকে ১২ জন ব্যক্তি রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে মিছিল করেন এবং ব্যানার প্রদর্শন করেন। অল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে করে স্থান ত্যাগ করেন।
এ সময় ঘটনাস্থলে থাকা অপর একটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, রাজু ভাস্কর্যে ছাত্রলীগের মিছিলের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফারহান তানভীর নাসিফ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জেনেছি।
/কেএইচও