নাটোরের নলডাঙ্গায় আবারও বেড়েছে সংঘবদ্ধ ট্রান্সফর্মার চোরচক্রের উপদ্রব। শনিবার (২ মে) রাতে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এক রাতেই সেচ কাজে ব্যবহৃত ৬টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত উপজেলায় প্রায় ২০টি ট্রান্সফর্মার চুরির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় কৃষকরা।
ভুক্তভোগীরা জানান, রোববার (৩ মে) সকালে মাঠে গিয়ে তারা দেখেন খুঁটিতে ট্রান্সফর্মার নেই। চোরচক্র খুঁটি থেকে ট্রান্সফর্মার নামিয়ে ভেতরের মূল্যবান তামার তার ও যন্ত্রাংশ নিয়ে গেছে এবং শুধু খোলসগুলো নিচে ফেলে রেখে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক ইয়াদ আলী মণ্ডল, সুলতান আলী সর্দার, হাফেজ জরুল ইসলাম সুরুজ ও মিলন প্রামাণিক।
আবাদের বাড়তি খরচ ও ধানের দাম নিয়ে কৃষকরা এমনিতেই বিপাকে রয়েছেন। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী, ট্রান্সফর্মার চুরি হলে পুনরায় টাকা জমা দিয়েই নতুন সংযোগ নিতে হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক মিলন ও জরুল ইসলাম বলেন, এমনিতেই খরচের চাপে আছি, তার ওপর এই বিপদে আমাদের পথে বসার দশা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম আবু তাহের জানান, নিয়ম অনুযায়ী থানায় জিডি ও আবেদন সাপেক্ষে পরবর্তী মৌসুমে নতুন ট্রান্সফর্মার দেওয়া হবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে টহল জোরদার করা হয়েছে।
সময়ের আলো/জয়/জোই