ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত হচ্ছে নতুন সিনেমা ‘মালিক’। আর সেই প্রস্তুতির মাঝেই রাজধানীর এফডিসিতে শেষ হলো সিনেমাটির ‘গুলগুলি পিঠা’ শিরোনামের একটি আইটেম গানের শুটিং। গানে নাচলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
এফডিসিতে বিশাল সেটে ধারণ করা এই গানে শুভ-মিমের সঙ্গে ছিলেন দুই শতাধিক নৃত্যশিল্পী। পুরো আয়োজনটি বড় পরিসরেই নির্মাণ করা হয়েছে। আর সিনেমাটিতে আইটেম গানটিকেও রাখা হয়েছে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।
‘গুলগুলি পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। আদিত রহমানের সুর ও সংগীতে, লুৎফর হাসানের কথায় তৈরি এই গান নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না পরিচালক সাইফ চন্দন। শুধু বললেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।
চার বছর আগে ‘সাপলুডু’-তে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। ‘মালিক’ দিয়ে সেই জুটিই ফিরছে নতুনভাবে। এই সিনেমার জন্য মিম দেড় মাসের মহড়ায় অংশ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়েছেন মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী পবিত্র ঈদুল আজহা লক্ষ্য করেই এগোচ্ছে ‘মালিক’-এর মুক্তির পরিকল্পনা। সবকিছু ঠিক থাকলে উৎসবের সেই সময়েই দর্শকের সামনে আসবে সিনেমাটি।
এদিকে গানে গানে সময় পার করছেন মিলা। সিনেমার গানের পাশাপাশি কনসার্টে ব্যস্ততা যাচ্ছে তার।