লন্ডনে ইহুদিদের নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট গঠন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলা, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় তাদের নিরাপত্তায় একটি বিশেষায়িত ‘কমিউনিটি প্রোটেকশন টিম’ গঠনের

2026-05-06T10:35:28+00:00
2026-05-06T10:35:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লন্ডনে ইহুদিদের নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট গঠন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৩৫ এএম 
সংগৃহীত ছবি
লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলা, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় তাদের নিরাপত্তায় একটি বিশেষায়িত ‘কমিউনিটি প্রোটেকশন টিম’ গঠনের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (৬ মে) পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপের কথা জানানো হয়। সম্প্রতি লন্ডনের বিভিন্ন সিনাগগ ও ইহুদি বসতিতে উপর্যুপরি হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংবাদ সংস্থা এএফপি জানায়, প্রাথমিক পর্যায়ে ১০০ জন পুলিশ সদস্য নিয়ে এই সুরক্ষা দল গঠিত হবে। এতে স্থানীয় পুলিশিং ব্যবস্থার পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ ও বিশেষ সুরক্ষা কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মার্ক রাউলি এই উদ্যোগকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে বলেন, ইহুদি সম্প্রদায় যে ভয়াবহ হুমকির সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলায় অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে এই গোয়েন্দা-ভিত্তিক সুরক্ষা দল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে লন্ডনে ইহুদিবিদ্বেষী হামলার এক ভয়াবহ ঢেউ পরিলক্ষিত হচ্ছে। গত ৩০ এপ্রিল ব্রিটেনের জাতীয় সন্ত্রাসবাদ সতর্কবার্তা ‘সাবস্ট্যানশিয়াল’ (হামলার সম্ভাবনা) থেকে বাড়িয়ে ‘সিভিয়ার’ (হামলার উচ্চ সম্ভাবনা) পর্যায়ে উন্নীত করা হয়। এর পরপরই পূর্ব লন্ডনের একটি সাবেক সিনাগগে অগ্নিসংযোগ এবং উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এছাড়া গত মার্চে ‘হাতজোলা’ নামক এক ইহুদি দাতব্য সংস্থার চারটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়। গত চার সপ্তাহে মেট্রোপলিটন পুলিশ এসব ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করেছে।

ব্রিটিশ সরকার ও পুলিশ বিভাগ ইহুদি সম্প্রদায়ের জন্য অন্তত ৩০০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল গঠনের পরিকল্পনা করছে, যার প্রথম ধাপ হিসেবে এই ১০০ জনের ইউনিটটি কাজ শুরু করবে। এদিকে, ইংল্যান্ড ও ওয়েলসের প্রধান কৌঁসুলি স্টিফেন পার্কিনসন মঙ্গলবার জানিয়েছেন, ইহুদিবিদ্বেষী অপরাধের বিচার ত্বরান্বিত করতে ‘ফাস্ট-ট্র্যাক’ পদ্ধতি অবলম্বন করা হবে। 

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র ইহুদি সম্প্রদায়ই নয়, বরং বর্ণবাদ, মুসলিম বিদ্বেষ বা সমকামীদের ওপর হামলাসহ যে কোনো ধরনের ঘৃণা-বিদ্বেষমূলক অপরাধ মোকাবিলায় তারা বদ্ধপরিকর। ইহুদিদের জন্য গঠিত এই বিশেষ ইউনিটটি ভবিষ্যতে অন্য যে কোনো বিপন্ন সম্প্রদায়ের সুরক্ষায় একটি ‘মডেল’ বা ব্লু-প্রিন্ট হিসেবে কাজ করবে।

/কহু


  বিষয়:   লন্ডন  ইহুদি  পুলিশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: