একই দিনে জীবনের দুটি চরম অভিজ্ঞতা- বিচ্ছেদ ও মৃত্যু নেমে এলো এক তরুণীর জীবনে।
ময়মনসিংহ জামালপুরের একটি গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার দিকে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ১৯ বছর বয়সী সুমিনা। এর কয়েক ঘণ্টা আগেই স্বামীর সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছিল।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৈবাহিক কলহের জেরে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত সেদিন দুপুরে বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টানা হয়। এরপর বিকেলে স্বামীর বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি।
আরও পড়ুন
বাড়িতে এসে আসবাবপত্র গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমিনা। তাকে রক্ষা করতে গিয়ে তার মা, চাচি ও ভাইও আহত হন। পরে স্থানীয়ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তাহীনতা গ্রামাঞ্চলে এখনও বড় ঝুঁকি হয়ে রয়েছে। সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন বলেও মনে করছেন তারা।
এএডি/