প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আগামী ১২ আগস্টের এই মহাজাগতিক ঘটনা ঘিরে দেশটিতে লাখ নয়, বরং কোটি পর্যটকের সমাগম হতে পারে বলে ধারণা করছে স্পেন সরকার। দেশটির মতে, এই সূর্যগ্রহণ স্পেনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
পূর্ণ সূর্যগ্রহণ দেখতে এবার উত্তর-পশ্চিমাঞ্চলের গালিসিয়ায় যাচ্ছেন ব্রিটিশ পর্যটক ক্রিস শিয়ার্স। এর আগে তিনি পরিবার নিয়ে স্পেনের কোস্তা ব্রাভা সৈকত বা দক্ষিণাঞ্চলের গলফ রিসোর্টে ছুটি কাটালেও এবার তার গন্তব্য ভিন্ন।
ক্রিস শিয়ার্স বলেন, একদিকে জীবনে একবার দেখা যায় এমন একটি ঘটনার সাক্ষী হব, অন্যদিকে স্পেনের এমন একটি সুন্দর অঞ্চল ঘুরে দেখব, যেখানে আগে কখনো যাওয়া হয়নি।
স্পেন সরকার ধারণা করছে, সূর্যগ্রহণ উপলক্ষে দেশটিতে এক কোটির বেশি বিদেশি পর্যটক আসতে পারেন। তাদের বড় অংশই যাবেন উত্তর-পশ্চিম ও মধ্য স্পেনের ছোট ছোট শহর ও গ্রামে, যেগুলো সূর্যগ্রহণের মূল পথের মধ্যে পড়েছে। তুলনামূলকভাবে গত বছরের আগস্ট মাসে পুরো স্পেনে বিদেশি পর্যটক এসেছিলেন প্রায় ১ কোটি ২৬ লাখ।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটকপ্রিয় দেশ স্পেনের পর্যটন খাত দীর্ঘদিন ধরে ভূমধ্যসাগরীয় উপকূলকেন্দ্রিক। বার্সেলোনা, মালাগা ও সমুদ্রসৈকতসংলগ্ন এলাকাগুলোতে অতিরিক্ত ভিড় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও বাড়ছে।
স্পেনের বিজ্ঞানবিষয়ক প্রতিমন্ত্রী হুয়ান ক্রুজ সিগুদোসা বলেন, আমরা আশা করছি, যারা সাধারণত উপকূলে থাকেন, তারা অন্তত একদিনের জন্য হলেও দেশের ভেতরের অঞ্চলে যাবেন। হয়তো আরও বেশি সময় থাকবেন।
এই সম্ভাবনার প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে। পর্যটন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাডিউস জানিয়েছে, সূর্যগ্রহণের পথের মধ্যে থাকা ছোট শহরগুলোর হোটেল বুকিং এ বছর ৩৮৩ শতাংশ বেড়েছে।
গবেষণায় বলা হয়েছে, শুধু সূর্যগ্রহণের সপ্তাহেই প্রায় ৩৬ কোটি ইউরোর বেশি আয় হতে পারে। এর মধ্যে ৮৮ শতাংশ আয় আসবে বিদেশি পর্যটকদের কাছ থেকে।
স্পেনের ছোট্ট গ্রাম আর্কোস দে সালিনাসে অবস্থিত গ্যালাকটিকা স্কাই অবজারভেটরিতে প্রায় ৩০ হাজার দর্শনার্থী আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অথচ গ্রামটির জনসংখ্যা মাত্র ৮৬ জন।
স্থানীয় জ্যোতির্বিজ্ঞানী আলেহান্দ্রো ভেরা বলেন, আগামী দেড় বছরের মধ্যে আরও দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে এই আয়োজন ভবিষ্যতেও পর্যটক আকর্ষণে ভূমিকা রাখবে।
শুধু হোটেল খাত নয়, উপকৃত হচ্ছে স্থানীয় ব্যবসাও। মাদ্রিদের কাছের একটি ওয়াইনারি ১০০ মার্কিন পর্যটকের জন্য বিশেষ ওয়াইন টেস্টিং ও সূর্যগ্রহণ দেখার আয়োজন করেছে।
অন্যদিকে গ্রামীণ কটেজ মালিক সারা রস জানান, এবারই প্রথমবারের মতো গ্রীষ্ম মৌসুমে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে বুকিং পেয়েছেন।
তিনি বলেন, অনেকেই জানতে চাচ্ছেন, সূর্যগ্রহণ দেখার পর এখানে আর কী কী করা যায়। এটি আমাদের পরিচিতি বাড়ানোর বড় সুযোগ।
এদিকে সূর্যগ্রহণের সময় পারসেইড উল্কাবৃষ্টিও দেখা যাবে। পরিষ্কার আকাশ ও কম আলোকদূষণের কারণে স্পেনের গ্রামীণ অঞ্চলগুলো জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
আরবিএন