রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদলের একটি অংশ উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের ডাক দেয়। একই সময়ে উপাচার্যের পক্ষে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছাত্রদলের আরেক অংশের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলন চলাকালে প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান সেখানে উপস্থিত হয়ে অনুমতির বিষয়টি উল্লেখ করেন। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। একে অপরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করতেও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংবাদ সম্মেলনের আহ্বানকারী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামকে ধাক্কা দেন কয়েকজন ছাত্রদল নেতা-কর্মী। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রিফাত রাফি বলেন, সিয়াম বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
পরিস্থিতি সম্পর্কে প্রক্টর ফেরদৌস রহমান বলেন, এক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।
/এসএকে