হরমুজ প্রণালীতে নৌ অবরোধের আওতায় এখন পর্যন্ত ইরানের ৫৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চারটি জাহাজ অচল করে দেওয়ার কথাও জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত সেন্টকম বাহিনী ৫৮টি বাণিজ্যিক জাহাজকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া থেকে বিরত রাখতে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এছাড়া চারটি জাহাজ অচল করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপরও হামলার ঘটনা ঘটে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমাধান আসেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক চলাচল লক্ষ্য করে নৌ অবরোধ বজায় রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
/ইউএমএইচ