হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাবে সমর্থন দেওয়ায় বাহরাইনসহ কয়েকটি আঞ্চলিক দেশকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, ওয়াশিংটনের পাশে দাঁড়ালে এর “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বাহরাইনের নাম উল্লেখ করে বলেন, বাহরাইনের মতো ক্ষুদ্র রাষ্ট্রসহ যেসব সরকার যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবের পাশে দাঁড়াবে, তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর দরজা নিজেদের জন্য চিরতরে বন্ধ করে দেবেন না।
ইরানের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালী নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন মধ্যপ্রাচ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর ওপর রাজনৈতিক চাপ তৈরির একটি প্রচেষ্টা।
/ইউএমএইচ