বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে ইতালি।
রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এই আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইতালি বাংলাদেশের মানসম্পন্ন পণ্য আমদানির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র তৈরি করতে চায়। এ সময় ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত উন্নত মানের যন্ত্রপাতি (মেশিনারিজ) সংগ্রহের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়।
বাণিজ্যিক আলোচনার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। এর মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করে।
বৈঠকে নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
উভয় পক্ষই বাংলাদেশ-ইতালি সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বহুমুখী ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সময়ের আলো/জেডি