গ্রিন অ্যান্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষ্যে সবুজ ও পরিবেশ বান্ধব কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস, সুস্থ মন, উত্তম সেবা’-এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অডিশন অফিস।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম.হাবিবুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন, ‘দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ কৃষি-বাণিজ্যিক এলাকা হলেও বর্তমানে গ্রাম ও শহরজুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আগামী এক বছরের মধ্যে উপজেলাগুলোতে পর্যায়ক্রমে গ্রিন অ্যান্ড ক্লিন এর কার্যক্রম বাস্তবায়ন হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাঢলেট, সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর-এর সম্পাদক মো. আকরাম হোসেন।
লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর, ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও। প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি‘র সিনিয়র ম্যানেজার সেবাষ্ঠিয়ান পিউরীফিকেশন।
অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিরেক্টর-অপারেশন ও টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।
আলোচনা সভা শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর শিশু পার্কে গিয়ে পরিবেশবান্ধব পার্ক করার লক্ষ্যে প্রচুর ঔষধি বৃক্ষ রোপণ করেন।
/মহু