দিনাজপুরে সদর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুর রহমান (৪৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার নসিপুর এলাকার জামতলী বাজার সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুর রহমান দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার দক্ষিণ সুজালপুরের বাসিন্দা মনচুর আলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সময়ের আলো/জোই