রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) 'নিয়োগপ্রার্থী নিজেই আবেদন যাচাইকারী' শীর্ষক একটি সংবাদ সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।
খবরের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবাদ বার্তায় প্রশাসন এই খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে।
বিশ্ববিদ্যালয় জানায়, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটিতে অধ্যাপক ও রেজিস্ট্রারসহ দায়িত্বশীল কর্মকর্তারা থাকেন। নিয়ম অনুযায়ী, কমিটির কোনো সদস্য নিজে প্রার্থী হলে তার নিজের আবেদন যাচাইয়ের সময় তিনি সভা থেকে বিরত থাকেন। এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া।
অভিজ্ঞতার শর্ত নিয়ে ওঠা বিতর্কের জবাবে প্রশাসন জানায়, সরকারি বেতন স্কেলের ৪র্থ গ্রেডের পদের জন্য ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তবে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়াতে এবং অধিক যোগ্য প্রার্থী নিশ্চিত করতে তারা ১৩ বছরের অভিজ্ঞতা চেয়েছেন। এটিকে ইউজিসির নীতিমালার লঙ্ঘন নয় বরং মানোন্নয়ন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
প্রশাসন আরও জানায়, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রচারিত ভুল তথ্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে এই খবরের সংশোধনী প্রকাশেরও আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/জেডি