হজ পালনের সময় অনেক হজযাত্রী সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েন, তা হলো সঙ্গীদের হারিয়ে ফেলা। নতুন পরিবেশ, ভাষাগত সমস্যা, লাখো মানুষের ভিড় এবং বিশাল মসজিদ এলাকা— সব মিলিয়ে মুহূর্তেই কেউ দলছুট হয়ে যেতে পারেন। বিশেষ করে তাওয়াফ ও সাঈ করার সময় এ ঘটনা বেশি ঘটে। তবে একটু সচেতনতা এবং কিছু প্রস্তুতি থাকলে এই পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব।
বের হওয়ার আগে সঙ্গীদের সঙ্গে মিলিত হওয়ার স্থান ঠিক করুন
আগে থেকে জায়গা নির্ধারণ করা থাকলে দলছুট হলেও আতঙ্ক কমে যায়। তাই মসজিদুল হারাম বা মসজিদে নববিতে প্রবেশের আগে একটি নির্দিষ্ট স্থান ঠিক করে নিন, যেখানে সঙ্গীদের সঙ্গে মিলিত হবেন।
যেমন— তাওয়াফ শেষে কোথায় দুই রাকাত নামাজ পড়বেন, সাঈ শেষে সাফা বা মারওয়ার কোন পাশে অপেক্ষা করবেন কিংবা কোন নির্দিষ্ট গেটের সামনে সবাই মিলিত হবেন ইত্যাদি।
আলোকিত মদিনা।
গেট নম্বর ও প্রবেশপথ মনে রাখুন
মসজিদুল হারাম অত্যন্ত বড় এবং এখানে প্রায় ১০০টির মতো প্রবেশপথ রয়েছে। অনেক গেট দেখতে একই রকম হলেও নম্বর ও নাম আলাদা। তাই প্রবেশের সময়— গেট নম্বর দেখে রাখুন, মোবাইলে ছবি তুলে রাখুন অথবা গেটের নাম নোট করুন। হারিয়ে গেলে নির্ধারিত গেটের কাছেই অপেক্ষা করুন।
মোবাইল সব সময় কাজে নাও লাগতে পারে। চার্জ শেষ হয়ে যেতে পারে বা নেটওয়ার্ক সমস্যাও হতে পারে। তাই ছোট একটি কার্ড বা কাগজে নিজের নাম, পাসপোর্ট নম্বর, হজ এজেন্সির নাম, গ্রুপ লিডারের মোবাইল নম্বর, সঙ্গীর ফোন নম্বর এবং হোটেল বা আবাসনের ঠিকানা লিখে তা পকেট বা ব্যাগে রাখুন।
সঙ্গীর নম্বর মুখস্থ রাখুন
সব তথ্য কাগজে রাখার পাশাপাশি অন্তত একটি গুরুত্বপূর্ণ নম্বর মুখস্থ রাখার চেষ্টা করুন। যেমন— গ্রুপ লিডারের নম্বর, একজন সঙ্গীর নম্বর বা এজেন্সির জরুরি যোগাযোগ নম্বর। গুরুত্বপূর্ণ মুহূর্তে এটি খুব কাজে দেয়।
পবিত্র মক্কায় হজ করছে হাজীরা।
আতঙ্কিত হয়ে ঘোরাঘুরি করবেন না
সঙ্গী হারিয়ে গেলে অনেকে আতঙ্কিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি শুরু করেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়। বরং ধৈর্য ধরে কিছু উপায় অবলম্বন করলে সঙ্গীরা আপনাকে সহজে খুঁজে পাবে।
যেমন- যেখানে হারিয়েছেন, তার আশপাশে কিছুক্ষণ অপেক্ষা করুন। না হলে পূর্ব নির্ধারিত মিলিত হওয়ার স্থানে যান, অথবা নির্দিষ্ট গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করুন।
বাংলাদেশ হজ অফিসে যোগাযোগ করুন
সঙ্গীদের খুঁজে না পেলে দ্রুত বাংলাদেশ হজ অফিসে যোগাযোগ করুন। অনেক সময় স্থানীয় সৌদি কর্মী, প্রবাসী বাংলাদেশি বা স্বেচ্ছাসেবীরা হারানো হজযাত্রীদের এসব অফিসে পৌঁছে দেন। তাই প্রয়োজনে তাদের সহযোগিতাও নিতে পারেন।
মক্কার মিসফালা এলাকায় বাংলাদেশ হজ অফিস অবস্থিত। অন্যদিকে, মদিনায় মসজিদে নববির ফাহাদ গেট দিয়ে বের হয়ে- বাঙালি মার্কেট পেরিয়ে আল মাসানিয়া এলাকায় গেলেই চোখে পড়বে বাংলাদেশ হজ অফিস।
আইটি হেল্প ডেস্কের সহায়তা নিন
মক্কা ও মদিনার বাংলাদেশ হজ কার্যালয়ে আইটি হেল্প ডেস্ক রয়েছে। সেখানে গিয়ে নিজের এবং এজেন্সির তথ্য জানান। তথ্য দিলে তারা যোগাযোগ করে আপনাকে নিজ আবাসনে পৌঁছাতে সহায়তা করবে।
প্রবীণ ও অসুস্থ হজযাত্রীদের জন্য বাড়তি সতর্কতা
বয়স্ক বা অসুস্থ হজযাত্রীদের হারিয়ে যাওয়ার ঝুঁকি বেশি। তাই তাদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।
যেমন- তাদের গলায় আইডি কার্ড ঝুলিয়ে দিতে হবে, হাতে আইডি ব্যান্ড দিতে হবে। আর সঙ্গী ছাড়া তারা যেন কোথাও না যান, সেটা ভালোভাবে বলে দিতে হবে।
লক্ষ মানুষের ভিড়ে হজে গিয়ে হারিয়ে যাওয়া আসলে অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই অসংখ্য হজযাত্রী ভিড়ের কারণে দলছুট হন। তবে সচেতনতা, পরিকল্পনা এবং সঠিক তথ্য জানা থাকলে সহজেই নিরাপদে ফিরে আসা সম্ভব।