বিশ্বকাপ ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে কোচদের অভিজ্ঞতা এবং বয়স সবসময়ই বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন।
দীর্ঘ ১৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা জার্মান কোচ অটো রেহাগেলের ‘বয়োজ্যেষ্ঠ কোচ’ হওয়ার রেকর্ডটি ভেঙে দিয়ে এক নতুন কীর্তি গড়তে যাচ্ছেন চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কুবেক। ৭৪ বছর বয়সে বিশ্বমঞ্চে ডাগ-আউট সামলে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়।
বিশ্বকাপের মূল আসরে অন্তত একটি ম্যাচ পরিচালনা করেছেন এমন কোচদের মধ্যে বয়সের রেকর্ডটি এতদিন ছিল জার্মান ট্যাকটিশিয়ান অটো রেহাগেলের দখলে।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে যখন গ্রিস ২-০ গোলে পরাজিত হয়, তখন ডাগ-আউটে দাঁড়িয়ে রেহাগেল গড়েছিলেন ৭১ বছর ৩১৭ দিন বয়সে কোচিং করানোর রেকর্ড। এরপর তিনটি বিশ্বকাপ পেরিয়ে গেলেও কেউ তাকে ছাড়িয়ে যেতে পারেনি।
তবে ২০২৬ সালের ১২ জুন মেক্সিকোর গুয়াদালাজারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই সেই রেকর্ডটি নিজের করে নেবেন ৭৪ বছর বয়সি মিরোস্লাভ কুবেক।
১৯৫১ সালের ১ সেপ্টেম্বর প্রাগে জন্মগ্রহণ করা কুবেক পেশাদার জীবনে একজন গোলরক্ষক ছিলেন। ১৯৮৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু করার পর থেকে তিনি চেক প্রজাতন্ত্রের ফুটবলে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।
তিনি ২০১৪-১৫ মৌসুমে ভিক্টোরিয়া প্লাজেনকে চেক ফার্স্ট লিগের শিরোপা জিতিয়েছিলেন এবং ২০২৪ সালে লিগের সেরা ম্যানেজারের পুরস্কার পান। ২০২৫ সালের ডিসেম্বরে ইভান হাসেক বিদায় নেওয়ার পর তাকে জাতীয় দলের গুরুদায়িত্ব দেওয়া হয়। তার মূল লক্ষ্যই ছিল দেশটিকে বিশ্বমঞ্চে ফিরিয়ে আনা।
চেক প্রজাতন্ত্রের জন্য এই বিশ্বকাপ একদিকে যেমন রেকর্ডের, অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসানের। ২০০৬ সালের পর দীর্ঘ ২০ বছর তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি।
২০২৫ সালের শেষভাগে দলের হাল ধরেন প্রবীণ কুবেক। তার অধীনে অত্যন্ত কঠিন প্লে-অফ বাধা অতিক্রম করে চেক প্রজাতন্ত্র।
উয়েফা প্লে-অফে আয়ারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় এবং পরবর্তী ম্যাচে ডেনমার্কের বিপক্ষে একই ব্যবধানে ড্র করে টাইব্রেকারে ৩-১ গোলের অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেন কুবেক। তার বিচক্ষণ রণকৌশলই মূলত দেশটিকে দীর্ঘ দুই দশক পর বিশ্বমঞ্চে ফিরিয়ে এনেছে।
মজার বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপে ৭৪ বছর বয়সি কোচ হিসেবে শুধু কুবেকই থাকছেন না, দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বেলজিয়ামের হুগো ব্রোস। তবে তথ্যের চুলচেরা বিশ্লেষণে দেখা যায়, ব্রোসের চেয়ে বয়সে সামান্য বড় মিরোস্লাভ কুবেক।
কুবেকের জন্ম ১৯৫১ সালের সেপ্টেম্বরে, যেখানে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোসের জন্ম ১৯৫২ সালের এপ্রিলে। শুরুতে কিউরাসাও দলের কোচ ডিক অ্যাডভোকেট (৭৯ বছর) এই তালিকার শীর্ষে থাকার কথা থাকলেও তিনি পদত্যাগ করায় কুবেকই এখন ইতিহাসের বয়স্ক কোচ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন।
আগামী জুন মাসে যখন চেক প্রজাতন্ত্র তাদের প্রত্যাবর্তনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে, তখন কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
৭৪ বছর বয়সি এই মাস্টারমাইন্ডের হাত ধরে গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক মেক্সিকোর বিপক্ষে চেক দল কতদূর যেতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
/এসএকে