ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত হয়েছে।
বুধবার (১৩ মে) ভোর রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহত নাদিম ও রাজন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চার বন্ধু মিলে অটোরিকশাযোগে হাসনাবাদের দিকে চা খেতে যাচ্ছিলেন। পথে তেঘরিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় এবং অটোরিকশায় থাকা বাকি দুইজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’
/মহু