কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা (1st IUSC International Rapid Rating Chess Tournament 2026) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যদুনাথ বিশ্বাস। প্রথম রানার্সআপ হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান।
সোমবার (১১ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (IUSC)। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট।
দাবাপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৭৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করে মর্নিং গ্লোরি চেস ক্লাব। সুশৃঙ্খল আয়োজন, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় টুর্নামেন্টটি হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্মরণীয় আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দাবার গুরুত্ব তুলে ধরেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্নিং গ্লোরি চেস ক্লাবের সভাপতি ড. রতন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তাফা।
পুরো টুর্নামেন্টটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিশ্র্রুতিশীল নারী দাবাড়ু ও সংগঠক নওরিন ফাতেমা তোয়া। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় প্রথমবারের মতো এমন আয়োজন করেতে পেরে দারুণ তৃপ্ত তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভাল কিছুর আশা ব্যক্ত করে ইবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নওরিন ফাতেমা তোয়া বলেন, দাবা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। এ খেলায় দারুণ সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশে অনেক ভালমানের দাবাড়ু রয়েছে। অনেকে এ খেলায় আসতে চায়। কিন্তু অনেক জায়গাতে এ খেলার ব্যবস্থা নেই। যেমন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়েই এবার আমরা প্রথম কোনো টুর্নামেন্ট করেছি। খেলাটা যেন সারাদেশে ছড়িয়ে দেয়া যায় এই আবেদন জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের কাছে। আমরা এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আশা করছি।
আরবিএন