নতুন কোচ ও নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেই সাফল্যের দেখা পেল শ্রীলঙ্কা। গ্যারি কারস্টেনের কোচিং এবং কুশাল মেন্ডিসের অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজকে ৪১ রানে হারিয়েছে লঙ্কানরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৩ বছর পর ক্যারিবীয় মাটিতে ওয়ানডে জয়ের স্বাদ পেল তারা।
কিংস্টনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৩ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৬২ রানে গুটিয়ে যায়। ২০১৩ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে এটিই শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে জয়।
শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশাল মেন্ডিস। দলীয় ২২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দুজন মিলে ১৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে চাপ সামাল দেন। নিসাঙ্কা করেন ৭৯ রান, আর মেন্ডিসের ব্যাট থেকে আসে ৭২ রান।
মধ্য ও শেষ দিকে চারিথ আসালাঙ্কা এবং জানিত লিয়ানাজের কার্যকর ব্যাটিং শ্রীলঙ্কার রানসংগ্রহকে আরও সমৃদ্ধ করে। আসালাঙ্কা ৪৫ এবং লিয়ানাজে ৪৪ রান যোগ করে দলকে তিনশ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।
আরও পড়ুন
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সমান দুটি করে উইকেট শিকার করেন জায়দেন সিলস, ম্যাথু ফোর্ডে ও রোস্টন চেজ। তবে লঙ্কান ব্যাটারদের ধারাবাহিকতায় বড় সংগ্রহ ঠেকানো সম্ভব হয়নি স্বাগতিকদের।
৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ইতিবাচক ছিল ওয়েস্ট ইন্ডিজের। পাওয়ারপ্লের মধ্যেই দ্রুত রান তুললেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় শ্রীলঙ্কার বোলাররা। বিশেষ করে দুশমন্থ চামিরার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা।
শাই হোপ ৫৬ রানের একটি লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। জাস্টিন গ্রিভস ৪৫, রোস্টন চেজ ৩৩, শামার জোসেফ ২৩ এবং গুদাকেশ মতি ২২ রান করলেও লক্ষ্য থেকে দূরেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন দুশমন্থ চামিরা। ৬৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। এছাড়া মহেশ থিকশানা দুটি উইকেট তুলে নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এএডি/