প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:২১ পিএম
বেইজিংয়ে রাজকীয় অভ্যর্থনা ডোনাল্ড ট্রাম্প। ছবি: দ্য গার্ডিয়ানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফরের শুরুতে বেইজিংয়ে রাজকীয় অভ্যর্থনা ও বর্ণাঢ্য আড়ম্বরের মধ্য দিয়ে লাল গালিচায় পা রেখেছেন।
বুধবার (১৩ মে) মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে তিনি যখন অবতরণ করেন, তখন তাকে বরণ করে নিতে রানওয়েজুড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ লাল গালিচা।
বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করে একটি সুসজ্জিত সামরিক দল। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত নারী-পুরুষ দুই দেশের পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানান।
বিমানবন্দরের এই জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার সময় সেখানে দায়িত্বরত ব্যান্ড দল যখন বিশেষ সংগীত পরিবেশন করছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ উৎফুল্ল দেখা যায় এবং তিনি মিউজিকের তালে তালে হাত উঁচিয়ে মুষ্টিবদ্ধ সংকেত (ফিস্ট পাম্প) প্রদর্শন করেন।
এরপর তিনি ধীরস্থিরভাবে বিমান থেকে নেমে এসে অভ্যর্থনাকারীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং নির্ধারিত গাড়িবহরের দিকে এগিয়ে যান। এই সফরে ট্রাম্পের সঙ্গে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটিও তার ঠিক পরেই বিমান থেকে অবতরণ করেন।
প্রেসিডেন্টের এই বিশেষ সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন তার ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প। এ ছাড়া বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক, সিনেটর মার্কো রুবিও এবং পিট হেগসেথকেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিমান থেকে নামতে দেখা যায়।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের এই বৈঠকে অংশ নিতে বেইজিংয়ে আসা এই প্রতিনিধি দলটির উপস্থিতি দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
চীনের এই নজিরবিহীন জাঁকজমকপূর্ণ আয়োজন মূলত দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে ট্রাম্প তার গাড়িবহরে চড়ে বিমানবন্দরের পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন। এই সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
সময়ের আলো/টিএইচ