প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
মাদার অব অল বোমস। সংগৃহীত ছবিইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) মুখপাত্র শক্তিশালী অস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন প্রচারকে উপহাস করে বলেছেন যে, একটি ধ্বংসাত্মক বোমার নামের সঙ্গে মায়ের মতো পবিত্র শব্দ জুড়ে দেওয়া কেবল একটি ‘বর্বর সভ্যতার’ পক্ষেই সম্ভব। এক বার্তায় আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী ‘নন-নিউক্লিয়ার’ বোমাকে ‘মাদার অব অল বোমস’ বা ‘সব বোমার মা’ বলে অভিহিত করে আসছে।
সেদিকেই ইঙ্গিত করে মোহেব্বি বলেছেন, কেবল একটি বর্বর সভ্যতাই তাদের সবচেয়ে ভারী বোমাটির ক্ষেত্রে ‘মা’—এই পবিত্র শব্দটি ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন ও এর ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক চাপকে ইরানের সাধারণ মানুষ যেভাবে উপহাস করে, কৌতুক করে উড়িয়ে দেয়, তার প্রশংসা করে তিনি বলেছেন, ভবিষ্যৎ সেই জাতিরই হবে যারা শত্রুর সবচেয়ে বড় হুমকিকে দৈনন্দিন হাস্যরসের বিষয়ে পরিণত করতে পারে।
তাসনিম জানিয়েছে, ইরানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল রেজা ইরানের বিরুদ্ধে তথাকথিত ‘মাদার অব অল বোমস’ ব্যবহার করা হতে পারে, এমন সম্ভাবনা নিয়ে ওঠা জল্পনা-কল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর পর মোহেব্বি এ মন্তব্য করেন। আল রেজা বোমাটির নাম ও এর ধ্বংসাত্মক ক্ষমতার প্রভাবকে ‘গুরুত্বহীন’ উল্লেখ করে এ বিষয়ক শঙ্কা উড়িয়ে দেন। নিজের এক্স অ্যাকাউন্টের পোস্টে তিনি লেখেন, বোমার নাম ও মাত্রা কোনো বিষয় না!
যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক পদক্ষেপের ফলে ওয়াশিংটনের বৈশ্বিক অবস্থান, অর্থনীতি এবং নির্বাচনি হিসাব-নিকাশের ওপর প্রভাব পড়বে বলে সতর্ক করেন তিনি। আল রেজা জোর দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কৌশলগত সমীকরণ বদলে দিয়েছে আর মার্কিন কর্মকর্তাদের উচিত ইরানের শক্তিকে স্বীকার করে নেওয়া।
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনায় ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ ব্যবহার করার কথা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন, তবে ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনাগুলো এই হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা ‘মাদার অব অল বোমস’ যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে থাকা পারমাণবিক নয়, এমন সবচেয়ে বড় ও শক্তিশালী বোমা বলে সর্বাধিক পরিচিত।
সময়ের আলো/ইউএমএইচ