রাজধানীর টঙ্গীর তুরাগ নদে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে কামারপাড়া সংলগ্ন তুরাগ নদে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো— রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইমরান ও নোমানসহ পাঁচ বন্ধু মিলে একটি নৌকা ভাড়া করে তুরাগ নদে ঘুরতে বের হয়। বিকেল ৫টার দিকে অসাবধানতাবশত নোমান নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে বন্ধুকে ডুবতে দেখে নিজেকে স্থির রাখতে পারেনি ইমরান। সে তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দেয় নোমানকে উদ্ধারের জন্য। কিন্তু মুহূর্তের মধ্যেই প্রবল স্রোত আর গভীরতায় দুই বন্ধু একই সঙ্গে নদের অথৈ পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পর পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা ব্যাপী রুদ্ধশ্বাস তল্লাশি চালানোর পর রাত ৮টার দিকে নদের তলদেশ থেকে দুই বন্ধুর নিথর দেহ উদ্ধার করেন ডুবুরিরা।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ামাত্রই আমাদের কর্মীরা তল্লাশি চালিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ দুটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন জানান, তুরাগ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/কহু