চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন মোড়ে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি দেশটির বিশাল ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকারের বিষয়েও আলোচনা হয়েছে।
বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, দুই দেশের মধ্যে পূর্ববর্তী শুল্কসংক্রান্ত উত্তেজনার পর এই সমঝোতা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চীনের মার্কিন তেল কেনার সিদ্ধান্তকে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্ববাজারে ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিত চীন গত বছর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের আগে সীমিত পরিমাণে মার্কিন তেল আমদানি করেছিল। একই সময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিও উল্লেখযোগ্যভাবে কমিয়ে ব্রাজিলের বাজারের দিকে ঝুঁকে পড়ে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, বৈঠকে তিনি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সুযোগ বাড়ানোর বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছেন। বিশেষ করে ভিসা কার্ডসহ যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই আলোচনা বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হতে পারে।
/এসএকে