মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চাউল বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এ সময় এক্সপ্রেসওয়েতে কিছুসময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাইওয়ে থানা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় বাসের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
সময়ের আলো/জোই