অ্যাডভেঞ্চারপ্রেমী দর্শকদের কাছে টিনটিন শুধু একটি চরিত্র নয়, বরং শৈশবের স্মৃতির অংশ। সেই জনপ্রিয় চরিত্রকে ঘিরেই আবারও তৈরি হতে যাচ্ছে নতুন অ্যানিমেশন সিনেমা। প্রায় ১৫ বছর পর ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বিখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’অর গ্রহণের সময় নতুন এই প্রকল্প নিয়ে কথা বলেন তিনি। জানান, নতুন সিনেমার নাম রাখা হয়েছে ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন ২’।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও পরিচালনায় ফিরছেন পিটার জ্যাকসন। তিনি জানিয়েছেন, স্ত্রী ও চিত্রনাট্যকার ফ্রান ওয়ালশের সঙ্গে ইতোমধ্যে গল্প ও চিত্রনাট্যের কাজ শুরু করেছেন।
আরও পড়ুন
নতুন এই কিস্তিতে আগের সিনেমার তুলনায় ভিন্নভাবে দায়িত্ব ভাগাভাগি হচ্ছে। ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন স্টিভেন স্পিলবার্গ, আর প্রযোজনায় ছিলেন পিটার জ্যাকসন। তবে এবার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন জ্যাকসন নিজেই, আর প্রযোজকের ভূমিকায় থাকবেন স্পিলবার্গ।
পিটার জ্যাকসনের ভাষায়, বহু বছর পর আবার টিনটিনের জগতে ফিরতে পারাটা তার জন্য দারুণ আনন্দের। তিনি মনে করেন, চরিত্রটি এখনো বিশ্বজুড়ে দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। বিশ্বব্যাপী প্রায় ৩৭৪ মিলিয়ন ডলার আয় করা ছবিটি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিল। যদিও নতুন সিক্যুয়েলটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এএডি/