আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় বাড়াতে মোটরসাইকেলকে নতুন করে করের আওতায় আনার যে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসিভেদে বছরে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে তিনি সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
আরও পড়ুন
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের চিন্তা করা হচ্ছে। কিন্তু এই বাহন ব্যবহারকারীরা সাধারণত উচ্চ আয়ের মানুষ নন, বরং জীবিকা ও দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, রাজস্ব আহরণ বাড়ানো রাষ্ট্রের প্রয়োজন হলেও সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়। তার মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে তা জনস্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে।
এ অবস্থায় তিনি সরকারকে আহ্বান জানান, মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসে জনগণের স্বার্থ বিবেচনায় নীতি নির্ধারণ করার জন্য।
এএডি/