নিষ্পাপ এক হাসিমাখা মুখ। মাত্র ২ বছর ১০ মাস বয়সী শিশু আমাতুল্লাহ আহসান হাদিয়া। এ বয়সে যখন তার হেসে-খেলে বেড়ানোর কথা, তখন সে লড়ছে জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে। জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট এই শিশু।
হাদিয়ার বাবা জানান, জন্মের মাত্র ১৪ দিন পর থেকেই তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। উপজেলা হাসপাতাল থেকে জেলা হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিশ্চিত করেন, হাদিয়ার হৃদযন্ত্রে জন্মগত জটিলতা রয়েছে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অর্থাভাবে আর চিকিৎসা এগোয়নি।
সম্প্রতি হাদিয়াকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমাকে দেখানো হয়। তাঁর পরামর্শে মিরপুর হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. শামছুদ্দিনের তত্ত্বাবধানে বাড়িতেই চলছে শিশুটির চিকিৎসা।
চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কার্ডিয়াক ক্যাথেরাইজেশন এবং পরবর্তীতে অপারেশন প্রয়োজন। অস্ত্রোপচার করা গেলে হাদিয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
হাদিয়ার বাবা মো. হযরত আলী উলিপুর পৌরসভার নুরপুর আকন্দবাড়ি বাইতুল আমান জামে মসজিদে প্রায় ১৫ বছর ধরে ইমামতি করছেন। মাসে মাত্র ৭ হাজার টাকা আয় করে ৪ সদস্যের সংসার চালান তিনি।
তিস্তা নদীর ভাঙনে নিঃস্ব হয়ে বর্তমানে পৌরসভার যোগীপাড়ায় বসবাস করছেন। প্রায় ৫ লাখ টাকার চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
তাই দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে সামান্য সহায়তাও হতে পারে নতুন জীবনের সূচনা।
সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করতে পারেন তার বাবার এই নম্বরে (বিকাশ): ০১৭১৭৭৮৯৩৯১
/এসএকে