কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চার দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জিল্লুর রহমান পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি সপরিবারে কটিয়াদীতে বসবাস করে ব্যবসা করতেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কটিয়াদী সার্কেল মো. তোফাজ্জল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির কটিয়াদী পৌর এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে হাসপাতাল রোডে ‘মুন ডিজিটাল স্টুডিও’ নামে ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করছিলেন। পাশাপাশি কয়েক বছর ধরে ভোগপাড়া এলাকায় ‘ওয়ান টাইম কাপ’ তৈরির কারখানা দিয়েছেন। এই প্রতিষ্ঠানে দুইজন নারী কর্মী ও একজন পিকআপ ড্রাইভার কাজ করতেন। গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি জিল্লুর রহমান।
ওই প্রতিষ্ঠানের দুই নারী কর্মী মদিনা ও শারমিন জানান, আমরা ছাড়াও পিকআপের একজন ড্রাইভার এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তবে তার নাম পরিচয় আমরা জানি না। কাপ তৈরির কাঁচামাল ঢাকা থেকে আসলে- প্রতিষ্ঠান মালিক আমাদের ফোনে জানাতো। গত বৃহস্পতিবারের পর আর কোনও ফোন পাইনি। আমরাও কাজে যাইনি।
জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার সকালে বাসা থেকে বের হন তিনি। এরপর দুপুরে সর্বশেষ কথা হয়। পরে ফোনে কল গেলেও তিনি রিসিভ করেননি। অনেক খোঁজাখুঁজির পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেখি রক্তাক্ত মরদেহটি মেঝেতে পড়ে রয়েছে।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিহতের মুখে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চার দিন যাবৎ নিখোঁজ থাকার বিষয়টিও থানাকে অবগত করেনি পরিবারের কেউ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।’
/মহু