দেশের ক্রিকেটের হোম অব গ্রাউন্ড খ্যাত মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি এবার স্থাপন করা হয়েছে নারী ক্রিকেটারদের সম্মাননাসূচক ‘অনার্স বোর্ড’।
গত বছর এই স্টেডিয়ামে পুরুষ ক্রিকেটারদের জন্য ওয়ানডে ও টেস্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অনার্স বোর্ড বসানো হলেও মেয়েদের জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না। দেশের নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের সেই আক্ষেপ এবার দূর করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তামিম ইকবাল নিজেই ক্রিকেটপ্রেমীদের এই ঐতিহাসিক ও আনন্দের খবরটি নিশ্চিত করেছেন।
বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী ক্রিকেটারদের এই নতুন অনার্স বোর্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন উইমেন’স ওয়ানডে ও টি-টোয়েন্টি।’
তিনি উল্লেখ করেন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে আগে থেকেই ছেলেদের দলের অনার্স বোর্ডটি শোভা পাচ্ছিল। কিন্তু সেখানে মেয়েদের কোনো বোর্ড ছিল না। নারী ক্রিকেটারদের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকের সময় তারা এই বৈষম্যের বিষয়টি নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছিল। তাদের সেই চাওয়াকে সম্মান জানিয়ে এখন একই প্রবেশমুখের ঠিক অপর পাশের দেয়ালে মেয়েদের এই নতুন অনার্স বোর্ডটি স্থাপন করা হয়েছে। তামিম মনে করেন, এটি মেয়েদের দীর্ঘদিনের প্রাপ্য সম্মান ছিল।
নারী ও পুরুষ দলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বিসিবির বর্তমান সভাপতি আরও বলেন, ‘নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য।’
বিসিবির এই যুগান্তকারী উদ্যোগের ফলে এখন থেকে মিরপুর স্টেডিয়ামে প্রবেশকালেই দেশের নারী ক্রিকেট ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা জাতীয় নারী ক্রিকেটারদের অবদান সবার চোখে পড়বে। এই পদক্ষেপ দেশের নারী ক্রিকেটের অগ্রগতি ও সম্মানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/টিএইচ