দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার ( ২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজার কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তারা স্থানীয় মুদি দোকানি শাহিন আলমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের মাঠে খেলাধুলার সময় পুকুরে ভাসমান একটি প্লাস্টিকের বোতল তুলতে গিয়ে ছোট ভাই সিয়াম পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন সাবিয়াও পানিতে নামে। একপর্যায়ে দুজনই ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এসএকে