গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকাসক্ত এক যুবকের হামলায় ফুফু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের মা ও চাচি। বৃহস্পতিবার (২১ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নারীর নাম জোহরা বেগম (৫২)। আহতরা হলেন আনোয়ারা বেগম ও জেলেখা বেগম। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজে তেলকুপি গ্রামের মৃত ছালু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান তিনি। এতে মা আনোয়ারা বেগম( ৫০), চাচি জেলেখা বেগম (৪০) ও ফুফু জোহরা বেগম (৫২) গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের নৌকাযোগে হাসপাতালে নেওয়ার পথেই নৌকায় জোহরা বেগম মারা যান। গুরুতর আহত আনোয়ারা বেগম ও জেলেখা বেগমকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আআ