পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন মডেল থানার দুই পুলিশ সদস্য। মাদক ও জুয়াবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে গুজব ও গণপিটুনির শিকার হন তারা। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্তসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং এএসআই তুহিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই সোহেল ও তুহিন সাদা পোশাকে মোটরসাইকেলে করে ওই এলাকায় মাদক, জুয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে গিয়েছিলেন। এ সময় তারা দেখতে পান একটি ইঞ্জিনচালিত ট্রলি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মানবিক কারণে তারা দ্রুত ট্রলিতে থাকা ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে যান।
তবে উদ্ধারকাজ চলাকালীন কিছু অসাধু ব্যক্তি ও দুষ্কৃতকারী স্থানীয়দের মাঝে মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। তারা দাবি করে, পুলিশের উপস্থিতির কারণে ভয়ে ট্রলিটি দ্রুত চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এই গুজব মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে এবং কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর শুরু করে।
পরিস্থিতি বেগতিক দেখে আক্রান্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানালে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে গুজবের সূত্র ধরে আমাদের দুই সহকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
সময়ের আলো/জোই