'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৬।
শুক্রবার (২২ মে) সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তা-চেতনায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি খুলনা রেঞ্জ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিফাত মেহনাজ ও জেলা প্রশাসক মিস হুরে জান্নাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষাবিদগণ।
এবারের বিজ্ঞান মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। আয়োজকরা আশা করছেন, তরুণ প্রজন্মের এই মেধা ও উদ্ভাবনী শক্তি আগামী দিনে একটি বিজ্ঞান নির্ভর বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ মেলায় মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
/মহু