যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের হাইওয়ে তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি রানী (৩০) ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান সৌভিক সাহা। নিহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোর অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগতির ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সামনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ও পথচারীরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন এবং ভাঙচুর চালান। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করেছে। যশোর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এই বিষয়ে মামলাসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, যশোর-খুলনা মহাসড়কে চালকদের বেপরোয়া গতি এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তারা এই রুটে গতিসীমা নিয়ন্ত্রণ এবং হাইওয়ে পুলিশের কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন।
যশোর সদর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আমরা আইনি সহায়তা করি। আপনি সেখানে যোগাযোগ করুন।
সময়ের আলো/জোই