সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার অফিস খোলা থাকলেও গাজীপুরের শ্রীপুর উপজেলা বিআরডিবি কার্যালয়ে দেখা গেছে দায়িত্বহীনতার চিত্র।
অফিস চলাকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি না থাকায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুরো কার্যালয়ে শুধু একজন অফিস সহায়ককে দায়িত্ব পালন করতে দেখা যায়, আর বিভিন্ন কক্ষে অকারণে বৈদ্যুতিক বাতি ও ফ্যান চলতে থাকায় উঠেছে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার বৃহস্পতিবার ছুটির আবেদন করে শনিবার ও রোববারের জন্য স্টেশন ত্যাগ করেন। তার অনুপস্থিতিতে অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিসে ছিলেন না।
অফিস সহায়ক হুমায়ুন কবির বলেন, ‘ম্যাডাম ছুটিতে আছেন। তাই অফিসে আর কেউ নেই। সকাল থেকে আমি অফিসে বসে আছি। অফিস শেষে তালা লাগিয়ে চলে যাব।’
এদিকে, উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আরিফা আক্তারই কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি পাঁচ বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে।
কার্যালয়ের বিভিন্ন সূত্র অভিযোগ করেছে, তার আচরণ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। তার বিরুদ্ধে ঘুষ ছাড়া বেতন বিল অনুমোদন না দেওয়া, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে আরিফা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর জেলা বিআরডিবির উপ-পরিচালক লুৎফুর রহমান বলেন, ‘অফিসে কেউ উপস্থিত না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
/এসএকে