নোয়াখালীর সোনাইমুড়ীতে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি পুলিশ। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ মে) উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামে আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কমলা বেগম (৩২) ও তার ছেলে মো.নোমান (৯)।
সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো.রাইছুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’
/মহু